বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসার ওপর আরোপিত স্থগিতাদেশ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফেডারেল আদালতের এক আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া পুনরায় শুরু করল মার্কিন প্রশাসন।

চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল। আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন—এমন আশঙ্কা থেকে বাছাই-প্রক্রিয়ার অংশ হিসেবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। অভিবাসী ভিসার মাধ্যমে দেশটিতে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়া সম্ভব হয়।

এই স্থগিতাদেশের বিরুদ্ধে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস এই বিষয়ে রায় প্রদান করেন। আদালত পর্যবেক্ষণ করেন, কেবল জাতীয়তার ওপর ভিত্তি করে অভিবাসী ভিসা প্রত্যাখ্যান করা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় পররাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারবহির্ভূত কাজ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ২৮ আগস্ট হালনাগাদ করা তথ্যে নিশ্চিত করা হয়েছে যে, ওই স্থগিতাদেশ এখন আর কার্যকর নেই। আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকেই এই স্থগিতাদেশ বাতিল করা হয়েছে।

এর ফলে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকরা পুনরায় অভিবাসী ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের নির্ধারিত সকল স্বাভাবিক শর্ত পূরণ করতে হবে। স্থগিতাদেশ চলাকালীন যেসব ভিসা আগে প্রদান করা হয়েছিল, সেগুলো বাতিল করা হয়নি। এছাড়া ওই সময়ে নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ ছিল; মূলত চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু করার ওপরই স্থগিতাদেশ কার্যকর ছিল।

যুক্তরাষ্ট্রের এই তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বার্বুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রানাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিন্স, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিশিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

স্থগিতাদেশ উঠে যাওয়ায় সাধারণ নিয়মকানুন সাপেক্ষে এখন থেকে এই দেশগুলোর আবেদনকারীদের জন্য পুনরায় অভিবাসী ভিসা ইস্যু করবে যুক্তরাষ্ট্র। আগের দেওয়া ভিসার ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।