আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য ১৪৪৮ হিজরি বা ২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার সাধারণ নিবন্ধনের সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সমাপ্ত হবে। নির্ধারিত মেয়াদের মধ্যে সারা দেশের সংশ্লিষ্ট মাদরাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষ বিশেষভাবে আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে এই বছরের দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ সময়সীমার (৩ সেপ্টেম্বর পর্যন্ত) মধ্যে আবেদন না করতে পারলে পরবর্তীতে নির্ধারিত নিয়ম ও বিলম্ব ফি জমা দিয়ে বর্ধিত সময়ে আবেদনের সুযোগ থাকবে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বর্ধিত সময়সীমা। তবে ১৩ সেপ্টেম্বরের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
দেশের সকল দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম, নাজিমে তা‘লীমাত ও প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন কোনো যোগ্য শিক্ষার্থী নিবন্ধন প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন। শেষ মুহূর্তের জটিলতা এড়াতে দ্রুততম সময়ে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করতে তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া, আল-হাইআতুল উলয়ার আওতাভুক্ত সকল কওমি শিক্ষাবোর্ডের দায়িত্বপ্রাপ্তদেরকেও তাদের অধীনস্থ মাদরাসাসমূহকে বিষয়টি অবহিত করে নির্ধারিত সময়ে নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।