গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় নিজ কক্ষ থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত হলেন ২৪ বছর বয়সী প্রাপ্তি মল্লিক পূজা। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে ঘটনার পর পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের কন্যা পূজা। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে তার পারিবারিক বিয়ে হয়েছিল। এই দম্পতির কোনো সন্তান নেই। গত ২৫ আগস্ট ভাইয়ের সহযোগিতায় তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল শেষে নিজ কক্ষে অবস্থান করেন। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা যখন তাঁকে ডাকেন, তখনও সাড়া পাওয়া যায়নি। এরপর পাশের কক্ষের সিলিংয়ের মাধ্যমে ভেতরে প্রবেশ করে পূজার ভাই তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।

পূবাইল থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা জানানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।