আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই প্রক্রিয়ার আগে শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, একটি প্রতারক চক্র দাখিল পরীক্ষার তথ্য সংগ্রহ করে শিক্ষার্থীদের অনুমতি ছাড়াই অনলাইনে ভর্তির আবেদন করে দিচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে দাখিল পরীক্ষার তথ্য সংগ্রহ করছে এবং সেই তথ্যের ভিত্তিতে শিক্ষার্থীর সম্মতি ছাড়াই আলিম ভর্তির আবেদন সম্পন্ন করছে।
এই ধরনের জালিয়াতির শিকার হওয়া থেকে বাঁচতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিশেষ করে, ভর্তি কার্যক্রমে অন্য কারও দেওয়া মোবাইল নম্বর ব্যবহার না করে শিক্ষার্থীদের নিজেদের সচল মোবাইল নম্বর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বোর্ড আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, শিক্ষার্থী বা অভিভাবকের সঙ্গে প্রতারণার অভিযোগ তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কোনো মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান এই ধরনের জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের অনলাইন প্যানেল বা সার্ভার বন্ধ করার পাশাপাশি পাঠদান কার্যক্রম স্থগিতের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।