ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি বড় দল। তাই নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন, এটাই স্বাভাবিক। তবে দলীয় সিদ্ধান্ত ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে। স্থানীয় সরকার নির্বাচনেও গোটা বাংলাদেশে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।
দলীয় ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি কর্মীদের আহ্বান জানান। তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা ছেড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সকাল থেকেই কার্যালয় এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন পর্যায়ের কর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে যোগ দেন, যাতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা। এছাড়াও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের অন্যতম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় নগরীর বাটার মোড় থেকে আনন্দ র্যালি বের করার কথা রয়েছে।