সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস দেশকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে বিভক্তি তৈরি করেছেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর দেশবাসী একটি বড় ইতিবাচক পরিবর্তন আশা করলেও তিনি শুরুতেই জাতীয় বিভক্তি সৃষ্টি করেছেন।

সম্প্রতি মুক্তকণ্ঠের ‘আলাপন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাসুদ কামাল আরও বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের কোটি কোটি সাধারণ সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটতরাজ ও ঢালাও মামলা বন্ধ করতে ড. ইউনূস কোনো কঠোর পদক্ষেপ নেননি। তিনি অভিযোগ করেন, দেশকে আমেরিকার কাছে এক ধরনের দাসত্ব চুক্তিতে আবদ্ধ করা হয়েছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে ড. ইউনূস নিজেই স্বীকার করেছেন যে, দেশ পরিচালনায় তার নিজস্ব কোনো রূপরেখা বা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। প্রবীণ ও অপ্রাতিষ্ঠানিক অনভিজ্ঞ তরুণদের নিয়ে গঠিত তার ক্যাবিনেট রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণের নামে সরকারি অর্থের অপচয় এবং নিম্নমানের কাজ হচ্ছে, যার সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর মতো বিতর্কিত ব্যক্তিরা জড়িত ছিলেন। ড. ইউনূস সংস্কারের নামে কেবল সময় অপচয় করেছেন, যা দেশের অর্থনীতিকে আরও দুর্বল করেছে।