প্রায় দুই দশক ধরে ক্ষমতার বাইরে থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন আবারও সরকার গঠন করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতারা মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন, আর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের বড় অংশই সংসদ সদস্য। কিছু নেতা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তাঁদের সময় ও মনোযোগের একটি বড় অংশ চলে গেছে। এই পরিস্থিতির প্রত্যক্ষ প্রভাব পড়েছে দলীয় কার্যক্রমে।

ঠিক এই সময়ে আজ ১ সেপ্টেম্বর বিএনপি তার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। দলটির সামনে এখন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে—রাষ্ট্র পরিচালনার তৎপরতার পাশাপাশি সংগঠনটিকে কতটা সক্রিয় ও জনসম্পৃক্ত রাখা সম্ভব হচ্ছে। ক্ষমতায় আসার পর দলীয় কাঠামো ও মাঠপর্যায়ের কার্যক্রম কীভাবে সামঞ্জস্যপূর্ণ রাখা যায়, তা নিয়েই এখন আলোচনা চলছে।