সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নারীশক্তির আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে দেশে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটি বিএনপি সরকারের আমলে নির্যাতনের ঘটনা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মনে করছে।

কর্মসূচিতে জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমীন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং জনবিচ্ছিন্ন। মন্ত্রী নিজের মূল দায়িত্ব ছেড়ে অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তিনি চোখে কাঠের চশমা পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না।

আহ্বায়ক অবিলম্বে কাঠের চশমা খুলে রাজপথে নেমে জনগণের জানমালের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণের আহ্বান জানান। সমাবেশে উপস্থিত নেতারা জানান, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। একই সময় গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়েছে।

মানববন্ধনে সংগঠনের শীর্ষ নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, তরুণ সমাজ ব্যাপকহারে মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অথচ এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।

বক্তারা সতর্ক করে বলেন, অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানম এবং নারীশক্তির যুগ্ম সদস্য সচিব ফারজানা আহমেদসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন.