ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইফুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শাহজাহান কবিরের আদালত এই আদেশ প্রদান করেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেনের অভিযোগ দুদকের অনুসন্ধানে রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

তবে মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেন গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে দুজন ভারতীয় কারাগারে আটক রয়েছেন।

ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য গণসংযোগ চলাকালীন গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

গুলির ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার বাদী এই অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি জানান। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য রয়েছে ২৭ সেপ্টেম্বর।