রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতের এই ঘটনায় আরও চারজন বিমানবাহিনীর সদস্য আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল রয়েছেন। আহত চার সদস্যকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার কারণ বা বিস্তারিত প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। আইএসপিআর জানিয়েছে, এসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।