সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুবাই-আবুধাবি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ২২ বছর। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার বাসিন্দা।
গত রোববার (৩০ আগস্ট) রাতে কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম মোহাম্মদ আসিফ। জীবিকার তাগিদে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন।
তার বাবা দেলোয়ার হোছাইন আকুতি জানিয়ে বলেন, "আমার সব শেষ হয়ে গেছে! পরিবারের ভাগ্য বদলাতে ছেলেটা প্রবাসে গিয়েছিল। সে এভাবে লাশ হয়ে ফিরবে, তা কখনো কল্পনাও করিনি। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাছে অনুরোধ, যেন আমার ছেলের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই।"
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, এখন পর্যন্ত এ বিষয়ে প্রাতিষ্ঠানিক বা সরকারিভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে একটি নির্দিষ্ট ফরম পূরণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেন তিনি। সরকারের নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক অনুদানসহ সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি.