বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলীয় পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দেশবাসীকে এগিয়ে আসতে বলেছেন।
সোমবার (৩১ আগস্ট) রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বাণীতে রিজভী বলেন, ৪৮ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দলটি জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। শুভ এই দিনে তিনি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেওয়া দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া এবং প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য আত্মত্যাগকারী সকল নেতাকর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও বহুদলীয় গণতন্ত্র বিএনপির মূল আদর্শ। শহীদ জিয়া প্রণীত ১৯ দফা কর্মসূচি দলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে ‘বাংলাদেশি পরিচয়’কে প্রতিটি নাগরিকের মর্যাদার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, সার্বভৌমত্ব রক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য।
দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পাশাপাশি রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, দেশের অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থায় রূপান্তর করতে বিএনপি সরকার কাজ করছে। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য ও সামাজিক অনাচার দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সার্বিক পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী এবং নারী-শিশুসহ সমাজের সর্বস্তরের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আগামী দিনেও জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আপসহীন থাকবে বলে জানান তিনি।