বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ১ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনব্যাপী ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কবরস্থানে যাবেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁর সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি নেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে।”
রিজভী আরও জানান, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারম্যানের কার্যালয় এবং সারা দেশের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং মৎস্য অবমুক্ত করার কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি জেলা ও মহানগর বিএনপি ও বিভিন্ন ইউনিট নিজ উদ্যোগে আলোচনা সভাসহ অন্যান্য অনুষ্ঠান পালন করবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকার রমনা রেস্তোরাঁয় দলটি প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিএনপি গঠনের মাধ্যমে জিয়াউর রহমানের জাগদল ও জাতীয়তাবাদী ফ্রন্ট, মশিউর রহমান যাদুর নেতৃত্বাধীন ন্যাপ, আবদুল হালিম ও আকবর হোসেনের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি, আবদুল মতিনের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ একীভূত হয়।
জিয়াউর রহমানের পর দলের নেতৃত্ব দেন খালেদা জিয়া। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন তারেক রহমান। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ করেছে। বিভিন্ন দৈনিক পত্রিকায় এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।