প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সোমবার (৩১ আগস্ট) দিনাজপুরে ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’-এ আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়টির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বেলা ১২টায় ঈদগাহ আবাসিক এলাকায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে হঠাৎ করেই প্রতিমন্ত্রী ওই বিদ্যালয়ে উপস্থিত হন। সেখানে প্রধান শিক্ষক রাহিনুর ইসলাম সিদ্দিকী, সভাপতি আনিসুল হক জুয়েল, পরিচালক আসাদুজ্জামান নূর ও অন্যান্য শিক্ষকমণ্ডলী তাকে উষ্ণ অভিনন্দন জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়টির নান্দনিকতা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ, হাতে-কলমে শেখার পদ্ধতি এবং সহশিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রতিষ্ঠানটির নানামুখী কার্যক্রমের প্রশংসা করেন।

পরিদর্শন শেষে বিদ্যালয়টির অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী বলেন, "প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার এই আগমন আমাদের শিক্ষাকার্যক্রমকে আরও উৎসাহিত করবে। আমাদের শিক্ষার্থীরাও তাকে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আমাদের প্রতিষ্ঠানে তার এই পরিদর্শনের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"