জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতি নেওয়া ১৩ বস্তা কৃষি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযান চলাকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩১ আগস্ট) ভোরে পাথরের চর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি এবং ২ বস্তা ডিএপি সার উদ্ধার করেন। মোট ১৩ বস্তা সার জব্দ করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চোরাচালানকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। তিনি দুপুরে জানান, সীমান্তে নিয়মিত টহল ও চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন।