যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ প্রদান করছে। সোমবার (৩১ আগস্ট) পঞ্চগড় জেলা হাসপাতালে এই সরঞ্জাম ও উপকরণের অংশ হিসেবে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান তা গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের এই বৃহৎ সহায়তার আওতায় রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (Newborn warmers) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (Breathing equipment), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (Cold chain supplies)। যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝপাইগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করছে এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছে। মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডিয়ান ডাও, বাংলাদেশে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন সহ দূতাবাসের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে বিকেল ৫টায় তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন রাষ্ট্রদূত। সেখানে সীমান্তের সৌন্দর্য উপভোগ করে তিনি মুগ্ধতার কথা জানান। সফরের দ্বিতীয় দিনে সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে রাষ্ট্রদূত ও তার স্ত্রী মুগ্ধ হন। কিছু সময় নির্মল পরিবেশ উপভোগ করার পর সীমান্তের সৌন্দর্য স্মরণে তারা সেখানে ছবিও তোলেন।