চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ মসজিদ ঘাট এলাকায় গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। এই সময় ধস্তাধস্তির জেরে আসামি ও তার স্বজনরা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দেয়। এতে তিন পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন বোয়ালখালী থানার এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫) এবং কনস্টেবল হাসানুজ্জামান (৩২)। তাঁরা বর্তমানে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উত্তর কালডেঙ্গার শিকদারবাড়ি এলাকার বাসিন্দা মহিউদ্দিনের বিরুদ্ধে স্থানীয় আবদুল মান্নান আদালতে একটি নালিশি মামলা (সিআর মামলা) দায়ের করেন স্থানীয় আবদুল মান্নান। এরপর আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা অনুযায়ী পুলিশ যখন মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে যায়, তখন তাঁকে হাতকড়া পরানো হয়। হাতকড়া পরানোর পর মহিউদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে ধস্তাধস্তি শুরু করেন। এ সময় তারা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিতে থাকেন। ধস্তাধস্তির একপর্যায়ে মহিউদ্দিন পালানোর চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে আবার ধরা পড়েন তিনি।
পুলিশের ওপর হামলার অভিযোগে মহিউদ্দিনের আত্মীয় ও গ্রাম পুলিশের সদস্য জেবল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, "আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামি ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিতে থাকেন।" তিনি আরও জানান, "এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"