বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ রাখা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দাখিল ও আলিম স্তরের ‘সাধারণ শাখা’র পাঠ্যক্রম ও বিষয়বিন্যাস সাধারণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ‘মানবিক শাখা’র সমকক্ষ। দুই শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের শিক্ষাগত পরিচিতি আরও স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ করতেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শাখার নাম পরিবর্তন হলেও সংশ্লিষ্ট শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর বণ্টন, মূল্যায়ন পদ্ধতি বা পরীক্ষা-সংক্রান্ত কোনো নিয়মে পরিবর্তন আসবে না। কেবল ‘সাধারণ’ শব্দটির স্থানে ‘মানবিক’ শব্দটি ব্যবহার করা হবে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রসহ সকল দাপ্তরিক, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন নামটি কার্যকর হবে। অন্যদিকে, যারা ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ হিসেবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে আগের নামটিই বহাল থাকবে।