শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার বিষয়বস্তু কদমরসুল সেতু নির্মাণ কাজে বাধা সৃষ্টি করেছে রেলওয়ের অধিগ্রহণকৃত জমির অবৈধ দখল। এই জমি দ্রুত উচ্ছেদ করে নির্মাণ কাজ স্বাভাবিক করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরামের নেতাকর্মীরা।

সোমবার (৩১ আগস্ট) সকালে নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই স্মারকলিপি গ্রহণ করেন।

সভায় বক্তারা জানান, সেতুর বন্দর ও শহর অংশে পাইলিংয়ের কাজ চললেও রেলওয়ে জমির অবৈধ দখলদারদের কারণে বাকি অংশে কাজ করা সম্ভব হচ্ছে না। তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত এই দখল উচ্ছেদ না করা হয়, তবে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান অসম্পূর্ণ কাজ রেখে দেশ ত্যাগ করতে পারে। ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সেতুটির নির্মাণ কাজ আবারও থেমে যেতে পারে। এ প্রসঙ্গে আগামী সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান চালানোর জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, রেলওয়ের জমি উচ্ছেদের দায়িত্ব সরকারি সংস্থার হলেও জনস্বার্থ বিবেচনায় সিটি করপোরেশন উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, দ্রুত প্রকল্প পরিচালকের সাথে আলোচনা করে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে সেতুর বাকি পাইলিং কাজ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।

স্মারকলিপি প্রদানকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল, বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ কবির আহমেদ, সদস্যসচিব লতিফ রানা, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু এবং সংবাদ উপস্থাপনকারী কাজী সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।