সচিবালয়ে সোমবার (৩১ আগস্ট) চীন সফর থেকে ফিরে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সকল দিক বিবেচনা করে রোজানের পরপরই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সব বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

একই সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে আলোকপাত করেন মন্ত্রী। তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে মন্ত্রণালয়। এ শিক্ষার কী কী দুর্বলতা রয়েছে, সেগুলো সরকার জানে। শিক্ষক সংকট দূরীকরণ এবং জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরে সরকারের অগ্রাধিকার তালিকায় এই খাতটি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টিও সমাধানে কাজ করা হচ্ছে। জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন চীনের কারিগরি শিক্ষা ব্যবস্থার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে তাদের অনেক সফলতা আছে। চীনের অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে এ সফর করা হয়েছে। দক্ষ কারিগরি শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও তিনি জানান।

শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষার গুরুত্ব তুলে ধরে ড. মাহদী আমিন বলেন, দেশে অনেক চীনা কোম্পানি রয়েছে। সেখানে দক্ষ জনবল সরবরাহ করতে চায় বাংলাদেশ। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করতে চায় সরকার।