বঙ্গভবনে সোমবার (৩১ আগস্ট) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত হত্যা, চোরাচালান, মাদকপাচার ও পুশ ইন রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যক্রমের প্রশংসা করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে নতুন দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বিজিবি প্রধান রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর সামগ্রিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।