বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তাঁর দীর্ঘ সেবা ও অবদানের স্বীকৃতিস্বরূপ গতকাল রোববার কমিশন সচিবালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাজমুল আমীন মজুমদার। বক্তব্যে তিনি বলেন, "দিলাওয়েজ দুরদানা তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর বিচক্ষণ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও দায়িত্বশীল কাজ পিএসসির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"

বিশেষ অতিথি হিসেবে পিএসসির সদস্যবৃন্দ ও সচিবালয়ের সচিব বিদায়ী কর্মকর্তার কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব এবং সহকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিজের বক্তব্যে দিলাওয়েজ দুরদানা পিএসসির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "পিএসসি সচিবালয়ে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি অত্যন্ত গৌরবময় অধ্যায়। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও শুভকামনা তিনি স্মরণে রাখবেন।"

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিএসসি সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান। শেষে কমিশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় সচিবালয়ের যুগ্ম সচিব, উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।