নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলা কিশোর গ্যাং ও মাদক কারবার দমনে এবং এলাকার নেতিবাচক ভাবমূর্তি পরিবর্তনে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গত কয়েক বছরে আন্ডারচর ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদকের তৎপরতা বেড়ে যাওয়ায় এলাকায় চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। সন্ধ্যার পর সাধারণ মানুষের যাতায়াত কষ্টকর হয়ে পড়ে। এমন পরিস্থিতির কারণে অন্য এলাকার পরিবারগুলো এ ইউনিয়নের ছেলে বা মেয়েদের সঙ্গে বিয়ে দিতে অনীহা দেখাতে শুরু করে। সম্প্রতি এক যুবকের বিয়ের পর তার বাড়ি আন্ডারচরে জানতে পেরে কনেপক্ষ বিয়ে বিচ্ছেদ ঘটায় বলে স্থানীয়রা জানান। দীর্ঘদিন পর পুলিশ ক্যাম্প চালু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, “আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এ ছাড়া আন্ডারচরে একটি স্থায়ী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।