তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস’ (পিজিডি–জিবি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। ৯ মাস মেয়াদি এই কোর্সে আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত এই প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে এবং তাদের আর্থিক ভাতা প্রদান করা হবে। কোর্সটি তিনটি মডিউলে বিভক্ত। প্রথম মডিউলে ব্যবসার কার্যক্রমভিত্তিক ব্যবস্থাপনার মৌলিক বিষয়, দ্বিতীয় মডিউলে শিল্প ও বাণিজ্য-সম্পর্কিত বিষয় এবং তৃতীয় মডিউলে শিল্পসংক্রান্ত ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাকশিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতেই এই উদ্যোগ। অভিজ্ঞ আবেদনকারীদের জন্য শুক্র ও শনিবার অথবা সপ্তাহের অন্যান্য দিনে সন্ধ্যার পর ক্লাস হবে। অন্যদিকে, নবীন আবেদনকারীদের ক্লাস হবে কর্মদিবসের সন্ধ্যায় এবং প্রয়োজনে সপ্তাহান্তের যেকোনো সময়ে।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বা সমমান হতে হবে, যেখানে ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫০ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ এর মধ্যে কমপক্ষে ২.৫ থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পোশাক খাতে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন, তবে নবীনরা ফ্রেশার হিসেবে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৮ বছর হতে হবে। উল্লেখ্য, এর আগে এসইআইপির আওতায় কোনো প্রোগ্রামে তালিকাভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

আগ্রহী প্রার্থীরা ১৯ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ন্যূনতম কোয়ালিফায়িং মার্ক পাওয়া প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।