গতকাল রোববার ভিভো বাংলাদেশের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে নতুন করে চালু হয়েছে ভিভো ভি৮০ লাইট ৫জি স্মার্টফোন। ডুয়াল-কার্ভড ডিসপ্লে এবং স্কাইলাইন ক্যামেরা ডিজাইন বহনকারী এই যন্ত্রটি তরুণ প্রজন্মের দৈনন্দিন কাজ ও বিনোদনের চাহিদা মেটাতে ‘স্লে এভরি এজ’ থিম নিয়ে বাজারে এসেছে।
৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা। বাঁকানো প্রান্তগুলো ফোনটিকে প্রিমিয়াম চেহারা দিয়েছে। আড়াআড়ি ক্যামেরা বিন্যাস ও আলোর প্রতিফলনের বিশেষ নকশা যুক্ত স্কাইলাইন ক্যামেরা সিস্টেমটি ফোনটির আকর্ষণ আরও বাড়িয়েছে। ফোনটি সিল্ক সাদা ও নীল রঙে বাজারে আসছে।
কার্যক্ষমতার দিক থেকে এতে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ৮–কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম ব্যবহার করা হয়েছে। ছবি তোলায় সহায়তা করবে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা, যা এক ফ্রেমে একাধিক মুখ স্পষ্টভাবে ধরে রাখতে সক্ষম। কম আলোতেও পরিষ্কার ছবি পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট মোডে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি হিসেবে ৭০৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্লুভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে। পাশাপাশি আইপি–৬৮ ও আইপি–৬৯ সার্টিফিকেশন থাকায় ধুলোবালি ও পানিরোধী এই ফোনটি বৃষ্টিতে বা ভেজা অবস্থাতেও নিরাপদে ব্যবহার করা যাবে।
৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভার্সনটি পাওয়া যাবে ৬৯ হাজার ৯৯৯ টাকায়। ক্রেতাদের সুবিধার্থে ৯ মাস পর্যন্ত হায়ার পারচেজ ও ইএমআইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।