বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবলেই প্রথমে চোখে ভাসে বড় অঙ্কের টিউশন ফি ও জীবনযাত্রার খরচ। তবে এমনও বেশ কিছু দেশ আছে যেখানে তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ মেলে। শিক্ষাবিষয়ক ওয়েবসাইট অপরচুনিটিজ সার্কেল সম্প্রতি ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপযোগী এমন ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকা তৈরি করার সময় শুধু টিউশন ফি নয়, বাসস্থান, খাবার, যাতায়াত ও বিমান ভাড়াসহ মোট বার্ষিক ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।
১. জার্মানি: দেশটির বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হয় না। তবে প্রতি সেমিস্টারে কয়েকশ ইউরো প্রশাসনিক ও অন্যান্য ফি গুনতে হয়। জীবনযাত্রার খরচ মাসে ৮৫০ থেকে ১ হাজার ১০০ ইউরোর মধ্যে।
২. পোল্যান্ড: ইংরেজি মাধ্যমে পড়ানো কোর্সে বছরে টিউশন ফি ১ হাজার থেকে ৪ হাজার ইউরো। পোলিশ ভাষায় কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে বিনা টিউশন ফিতেও পড়ার সুযোগ আছে। বাসস্থান বাদে মাসিক খরচ ৪০০ থেকে ৬০০ ডলার।
৩. নরওয়ে: সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেওয়া হয় না। তবে জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি। অসলোতে শেয়ার করা বাসায় একটি কক্ষের ভাড়া মাসে ৭০০ থেকে ৯০০ ইউরো হতে পারে। নির্দিষ্ট শর্তে শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ পান।
৪. হাঙ্গেরি: বিষয় ও বৃত্তির ওপর নির্ভর করে বছরে টিউশন ফি শূন্য থেকে প্রায় ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। মাসিক জীবনযাত্রার খরচ ৭০০ থেকে ৯০০ ইউরো। Stipendium Hungaricum বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন ও মাসিক ভাতার সুবিধা মেলে।
৫. চেক প্রজাতন্ত্র: চেক ভাষায় পড়লে সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি লাগে না। তবে ইংরেজি মাধ্যমে কোর্সে বছরে ৩ হাজার থেকে ৫ হাজার ইউরো খরচ হতে পারে। প্রাগে মাসিক জীবনযাত্রার খরচ ৫০০ থেকে ৭০০ ইউরো। আবাসিক হলের ব্যবস্থা থাকলে মাসে ১০০ থেকে ২০০ ইউরোতে থাকা যায়।
৬. মালয়েশিয়া: এশিয়ার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী গন্তব্য। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে এখানে। বছরে টিউশন ফি ৭ হাজার থেকে ১২ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, যা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ ডলারের সমান। মাসিক খরচ ৩৩০ থেকে ৬৬০ ডলার।
৭. ভারত: কম খরচে মানসম্মত উচ্চশিক্ষার জন্য ভারতও গুরুত্বপূর্ণ। শহর ও প্রতিষ্ঠানভেদে খরচের পার্থক্য রয়েছে। মাসিক জীবনযাত্রার ব্যয় ১০ হাজার থেকে ২০ হাজার ভারতীয় রুপি। বড় শহরের তুলনায় ছোট শহরে থাকা-খাওয়ার খরচ কম।
৮. অস্ট্রিয়া: বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ৭২৬ ইউরো টিউশন ফি। কিছু নির্দিষ্ট প্রোগ্রামে ফি আরও বেশি হতে পারে। ভিয়েনায় খরচ তুলনামূলক বেশি, তবে গ্রাৎস ও ইনসব্রুকে কিছুটা কম।
৯. তাইওয়ান: কম টিউশন ফি, সরকারি সহায়তা ও বৃত্তির সুবিধার কারণে তাইওয়ান আকর্ষণীয়। সরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ ডলার টিউশন ফি লাগতে পারে। রাজধানী তাইপেতে জীবনযাত্রার খরচ দেশের অন্যান্য শহরের তুলনায় বেশি।
১০. মেক্সিকো: যুক্তরাষ্ট্র বা কানাডার তুলনায় মেক্সিকোতে খরচ অনেক কম। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক প্রোগ্রামে টিউশন ফি তুলনামূলক কম, আবার কোনো কোনো প্রতিষ্ঠানে বিনা টিউশন ফিতেও পড়ার সুযোগ রয়েছে। জীবনযাত্রার খরচও তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।