হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দারা এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয় মাঠে শিশুদের ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে দুই পক্ষ মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় টর্চ লাইট জ্বালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।