মেহেরপুরের গাংনীতে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, কক্ষে আটকে রাখা ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় কাজিপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের কোর্ট রোডের নিমতলা এলাকা থেকে গাংনী থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার শিক্ষকেরা হলেন কাজিপুর ডিগ্রি কলেজের শিক্ষক মনিারুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামান বাবর আলী। তারা মামলার এজাহারনামীয় আসামি। এ নিয়ে সাংবাদিক নির্যাতনের এই আলোচিত ঘটনায় গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল তিনে।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) রাতে খায়রুজ্জামান ওরফে আকামত নামের এক সন্দেহভাজন আসামিকে আটক করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার দৃশ্য ধারণ করতে যান নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রাব্বি এবং দৈনিক খবরের কাগজের প্রতিনিধি তারিক।

এ সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা সাংবাদিকদের দুটি মুঠোফোন ও বুম মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় দুই শিক্ষকসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে গাংনী থানায় একটি মামলা করা হয়।

গাংনী থানা সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে এজাহারনামীয় দুই শিক্ষককে আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন মেহেরপুরের সাংবাদিক সমাজ। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।