রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চারজনকে শ্বাসরোধ করে হত্যা মামলার তদন্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনে জোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। রোববার (৩০ আগস্ট) প্রকাশিত এক শোকবার্তায় তিনি এই হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বপরিকল্পনা বা অন্য কারও ইন্ধন থাকতে পারে কিনা, তা বিস্তারিত খতিয়ে দেখার আহ্বান জানান।
বিষয়টি নিয়ে তাঁর মতামত রাখতে গিয়ে জিএম কাদের বলেন, "একটি পরিবারের চারজন মানুষকে এভাবে ঠান্ডা মাথায় হত্যা অত্যন্ত মর্মান্তিক। শিক্ষক দম্পতিসহ একটি পুরো পরিবারের এমন হৃদয়বিদারক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনা শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, পুরো সমাজকে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।"
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তের বিবরণ নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, "হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমে যে কারণ ও বিবরণ প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে ও সচেতন মহলে নানা যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা জরুরি।"
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও দাবি করেন, ঘটনার পেছনে যদি অন্য কোনো গভীর রহস্য বা পূর্বপরিকল্পনা থেকে থাকে, তবে তা অবিলম্বে উন্মোচন করতে হবে। একই সাথে প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।
শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জিএম কাদের।