স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের মন্ত্রী–প্রতিমন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্যে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী। দলটি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা চায়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনে নিয়োগ পাওয়া বিএনপির প্রশাসকেরা যাতে এ নির্বাচনে প্রার্থী হয়ে বাড়তি সুবিধা নিতে না পারেন, সে নিশ্চয়তাও চায় দলটি।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সাংবাদিকদের বলেন, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা দ্রুত শেষ করা সম্ভব হলে নভেম্বরের শেষ দিকে ভোট শুরু করার বিষয়টি বিবেচনা করা হবে। নইলে ডিসেম্বরের দিকে নির্বাচন শুরু হতে পারে। দুর্গাপূজা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও আইনি বাধ্যবাধকতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ভোটের সময় ঠিক করা হবে বলেও জানান সিইসি। ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আয়োজনের কারণে নির্বাচনের সময় পেছানোর বিষয়টিও এসেছে সিইসির বক্তব্যে।

.
দলটি দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা চায়। একই সঙ্গে স্থানীয় প্রশাসনে নিয়োগ পাওয়া বিএনপির প্রশাসকেরা যাতে এ নির্বাচনে প্রার্থী হয়ে বাড়তি সুবিধা নিতে না পারেন, সে নিশ্চয়তাও চায় দলটি।
.

জানা গেছে, শুরুতে ইউনিয়ন পরিষদ, তারপর ধাপে ধাপে পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি। সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে বক্তব্য দিয়েছিলেন। ইসির পক্ষ থেকেও অক্টোবর থেকে নির্বাচন শুরুর প্রস্তুতির কথা জানানো হয়েছিল। অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে গত মাসে সরকারকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছিল ইসি।

জামায়াতের নেতারা বলছেন, নির্বাচন নিয়ে এমন ভিন্ন ভিন্ন বক্তব্য রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট না হলে প্রার্থী বাছাই, প্রচারকৌশল ও মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করাও কঠিন হয়ে পড়ে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গত শুক্রবার মুক্তকণ্ঠকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু মন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন তারিখের কথা বলে বিভ্রান্তি তৈরি করছেন। নির্বাচন কমিশনও নির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় একধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে।

.সংসদে ও রাজপথে কী কৌশলে এগোবে বিরোধী দল .

স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা থাকলেও জামায়াতে ইসলামীর প্রস্তুতি থেমে নেই। দলটির নেতারা বলছেন, প্রার্থী বাছাইসহ অনেক প্রস্তুতিই শেষ হয়েছে। ১৩টি সিটি করপোরেশনের বেশির ভাগের প্রার্থীও চূড়ান্ত করে রাখা হয়েছে। তবে তফসিল ঘোষণার আগে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে না।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি ছিল জামায়াতের। সংসদ নির্বাচনের পরও দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে দলটি। তারিখ এখনো স্পষ্ট না হলেও প্রস্তুতি থেমে নেই। প্রার্থী বাছাইসহ ৭৫–৮০ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের পর মাঠপর্যায়ে নিজেদের সাংগঠনিক শক্তি যাচাইয়ের একটি সুযোগ হিসেবেও দেখছে জামায়াত। গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় পর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য নিয়ে দলটি কাজ করছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

.
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু মন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন তারিখের কথা বলে বিভ্রান্তি তৈরি করছেন। নির্বাচন কমিশনও নির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় একধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের
.

এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না। ফলে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে জামায়াত। দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের সাধারণ মানুষের কাছে যাওয়া, তাঁদের সমস্যা চিহ্নিত করা এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তবে তৃণমূলে আলোচনার ভিত্তিতে ১১–দলীয় ঐক্যের মধ্যে কোনো সমঝোতা হলে এতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তাঁরা।

১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় পর্যায়ে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। তবে স্থানীয় পর্যায়ে ১১ দল সমঝোতার ভিত্তিতে নির্বাচন করলে দলের পক্ষ থেকে বাধা থাকবে না।

.
হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা থাকতে পারে। বিরোধী দল যাতে কোনো সুবিধা করতে না পারে, সে চেষ্টাও থাকতে পারে।
.

স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে বিএনপি যেসব প্রশাসক নিয়োগ দিয়েছে, তাঁদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার পক্ষে জামায়াত। দলটির নেতারা মনে করেন, এর ফলে বিএনপি নির্বাচনে অতিরিক্ত সুবিধা পাবে। আবার সেই প্রশাসকদের প্রার্থিতা করার সুযোগ দেওয়া হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা থাকতে পারে। বিরোধী দল যাতে কোনো সুবিধা করতে না পারে, সে চেষ্টাও থাকতে পারে।