রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ চার সদস্যের শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
রোববার (৩০ আগস্ট) পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, "একটি পরিবারের চারজন মানুষকে এভাবে ঠান্ডা মাথায় হত্যা করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, যা আমাদের সমাজ ও সভ্যতার বিবেককে নাড়া দিয়েছে। শিক্ষক দম্পতিসহ একটি পুরো পরিবারের এমন হৃদয়বিদারক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একটি পরিবারকে ধ্বংস করা নয়, বরং পুরো সমাজকে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।"
জিএম কাদের আরও বলেন, "এই হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কারণ ও বিবরণ গণমাধ্যমে প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে এবং সচেতন মহলে নানা ধরনের যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা অত্যন্ত জরুরি। ঘটনার প্রকৃত নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা কিংবা অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা উন্মোচন করতে হবে।"
প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান জিএম কাদের।