বগুড়ার গাবতলীতে এক গৃহবধূ তার পালিত আহত মুরগি নিয়ে থানায় এসেছেন। ভাশুরের লাঠির আঘাতে মুরগিটি গুরুতর আহত হওয়ায় বিচার ও চিকিৎসার দাবিতে তিনি থানায় যান। ব্যতিক্রমী এই ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

ধনঞ্জয় গ্রামের বাসিন্দা শম্পা রানী অভিযোগ করেন, তার পালিত ডিমপাড়া একটি মুরগির মাথায় ভাশুর লাঠি দিয়ে আঘাত করেন। এতে মুরগিটি গুরুতর আহত হয়ে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি জানতে চাইলে ভাসুর উল্টো মুরগিটিকে জবাই করে ফেলার কথা বলেন বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হোসেন জানান, শম্পা রানী আহত মুরগিটিকে সঙ্গে নিয়ে থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। মুরগিটির দ্রুত চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মো. রাশেদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।