হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে ফার্মাসিস্টের অনুপস্থিতি ও পরিচ্ছন্নতার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল পরিদর্শনকালে ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্ট রিগান হোসেনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা জারি করেন তিনি।
মন্ত্রী সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান। পরিদর্শনকালে ফার্মাসিস্ট রিগান হোসেনের অনুপস্থিতি লক্ষ্য হলে তাকে দ্রুত বদলির আদেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে পরিচ্ছন্নতার অবনতি নিয়ে মন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "দেশের অন্যান্য জেলা হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা খুবই খারাপ।" এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন ও পরিবেশ উন্নয়নে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়েও মন্ত্রী আলোচনা করেন। তিনি জানান, "আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে।" শিশুদের যথা সময়ে টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন মন্ত্রী। হাম প্রতিরোধে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের সময় জেলা প্রশাসকসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।