রাঙামাটির কাপ্তাইয়ে সীতাপাহাড়ে হাইকিং করতে গিয়ে পথ হারিয়ে আটকে পড়েন চার পর্যটক। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের যৌথ দল তাদের সুস্থ ও নিরাপদে উদ্ধার করে।

বন বিভাগ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে আগত চার পর্যটক কাপ্তাইয়ের বালুচর এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে সীতাপাহাড়ে ওঠেন। দিনভর টানা বৃষ্টিতে পাহাড়ি পথ মারাত্মক পিচ্ছিল হয়ে পড়ে। সন্ধ্যা নেমে এলে তারা দিক হারিয়ে গহিন বনে আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় যৌথ উদ্ধারকারী দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান পর্যটকদের নিরাপদে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসেন। অনেক পর্যটক স্থানীয় গাইড ছাড়া কর্ণফুলী নদী, কাপ্তাই লেক ও দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল করেন। এতে পথ হারানো, পাহাড়ি দুর্ঘটনা, পানিতে দুর্ঘটনা এবং বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার মতো ঝুঁকি তৈরি হচ্ছে।