জামালপুর শহরের দক্ষিণ কাচারীপাড়ার স্বপ্নপুরী আবাসিক এলাকার বকুল ভিলায় একটি বাসা থেকে কলেজছাত্রী ইসরাত জাহান রিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার মো. রশিদুজ্জামান মন্ডলের কন্যা ও সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে পারিবারিক অমতে বিয়ে করেন রিমা। তবে ছেলের পক্ষ থেকে এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি বলে দাবি রিমির স্বজনদের। এরপরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে। শুভকে কম্বোডিয়ায় পাঠানো হলেও ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর রিমা ও শুভের দেখাশোনা চলতে থাকে। গত সপ্তাহে তারা একসঙ্গে থাকলেও কয়েকদিন ধরে রিমির পরিবারের সদস্যদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, "জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।