মাগুরা শহরে পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত সদস্য ইমরান হোসেনকে মারধর করেছেন জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন। ঘটনার সময় নয়ন নিজেই একটি ভিডিও ধারণ করেন এবং এ সংক্রান্ত আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ভায়নার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন ইমরান হোসেন। এসময় মোটরসাইকেলের সামনে পড়ায় নয়ন হর্ন বাজান। রাস্তা থেকে না সরানোর কারণ জানতে চেয়ে নয়নের সঙ্গে ইমরানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নয়ন পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। স্থানীয়দের হস্তক্ষেপে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বাহিনীর একজন সদস্যের সঙ্গে প্রকাশ্যে এমন আচরণের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়ন এক পুলিশ সদস্যকে মারধর করেছেন। আমরা বিষয়টি জেনেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।"