চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির মুখোমুখি ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। তারা পরস্পর বন্ধু ছিলেন এবং স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে কাজ করার পাশাপাশি পড়াশোনা করতেন।
স্বজন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন একটি মোটরসাইকেল ক্রয় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভের মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, নতুন মোটরসাইকেল কেনার আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো মঘাদিয়া ইউনিয়নে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া গেট এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।