কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসা ও মর্যাদাপূর্ণ আচরণের দাবিতে এত দিন সোচ্চার ছিলেন বিশ্বের সাবেক অধিনায়কেরা। এবার তাদের সঙ্গে কণ্ঠ মেলালেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেলের একটি ভিডিও শেয়ার করে এই উদ্যোগের প্রতি সমর্থন জানান কামিন্স। ইমরানের চিকিৎসা নিয়ে প্রকাশ্যে কথা বলা প্রথম সক্রিয় আন্তর্জাতিক অধিনায়কও তিনি।
কামিন্স লিখেছেন, ‘ইমরান খান যেন যে কোনো মানুষের প্রাপ্য মর্যাদা পান। আদালতের নির্দেশিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হোক এবং পরিবারের সাক্ষাৎ অব্যাহত থাকুক।’
Adding my support here to GC and the other former international captains. I hope the court ordered medical assessment be allowed to run its course, and that family visits continue. I hope Imran Khan is treated with the dignity anyone deserves https://t.co/L1L512wXao — Pat Cummins (@patcummins30) August 28, 2026
Adding my support here to GC and the other former international captains. I hope the court ordered medical assessment be allowed to run its course, and that family visits continue. I hope Imran Khan is treated with the dignity anyone deserves https://t.co/L1L512wXao
ইমরানের চিকিৎসার দাবিতে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আবারও চিঠি দিয়েছেন সাবেক আন্তর্জাতিক অধিনায়কেরা। সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ ও ইয়ান চ্যাপেল, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, মাইক আথারটন এবং নাসের হুসেইনের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা সেই উদ্যোগে রয়েছেন।
চিঠিতে আদালতের নির্দেশ অনুযায়ী স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে ইমরানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা, পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ এবং চিকিৎসকদের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতেও একই ধরনের আবেদন জানানো হলেও পাকিস্তান সরকারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আয়োজকেরা।
সম্প্রতি আদালত ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন চিকিৎসক উজমা খানকে যুক্ত করে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিলেন। তবে পরিবারের অভিযোগ, রাষ্ট্রনিয়োজিত চিকিৎসক দল তাকে পরীক্ষা করে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই কারাগারে ফেরত পাঠায়। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ রয়েছে।
পাকিস্তান সরকার অবশ্য ইমরানকে চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সরকারের দাবি, কারাবিধি অনুযায়ী তাকে প্রয়োজনীয় সব সুবিধাই দেওয়া হচ্ছে।
৭৩ বছর বয়সী ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় দণ্ডিত হলেও তার দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো ইমরান দেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার।
সাবেক ক্রিকেটারদের মানবিক আবেদনে কামিন্সের সমর্থনের মধ্য দিয়ে এবার প্রথমবার কোনো বর্তমান আন্তর্জাতিক অধিনায়কের কণ্ঠও যুক্ত হলো।