বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির পর সংঘটিত মারামারি ঘটনায় নিষিদ্ধ আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচদের শাস্তি প্রীতি ম্যাচে কাটার অনুমোদন দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। এর মাধ্যমে লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাকে বড় ধরনের স্বস্তি ফিরিয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্পেনের বিপক্ষে ফাইনালে এরিক গার্সিয়ার সঙ্গে বিবাদে জড়িয়ে ঘাড় ধরে মাটিতে ফেলে দেওয়ার জন্য পারেদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। রদ্রিকে আঘাত করায় মলিনা সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হন। সংঘর্ষে জড়ানোর কারণে আলমাদাকে এক ম্যাচ এবং দানি ওলমোকে ঘুষি মারায় আয়ালাকে তিন ম্যাচের শাস্তি দেওয়া হয়েছে। ফিফার এই সিদ্ধান্ত অনুযায়ী, চারজন তাদের নিষেধাজ্ঞার মেয়াদ ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচ অথবা অফিশিয়াল ম্যাচে, যেটি আগে হবে, সেখানেই কাটাতে পারবেন।

চলতি বছরের ফিফা সূচিতে আর দুটি আন্তর্জাতিক উইন্ডো রয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে সর্বোচ্চ চারটি এবং ৯ থেকে ১৭ নভেম্বরের উইন্ডোতে সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা। অর্থাৎ, আগামী এই দুই উইন্ডোতে ছয়টি ম্যাচ খেললে পারেদেস ও মলিনাদের নিষেধাজ্ঞার বেশিরভাগ অংশ সেখানেই শেষ হয়ে যাবে। ফলে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে তাদের অনুপস্থিতির ঝুঁকি এখন কিছুটা কমেছে।

তবে শাস্তি আরও কমানোর লক্ষ্যে এএফএ আইনি ব্যবস্থা অব্যাহত রেখেছে। তারা জানিয়েছে, শাস্তির সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানার অপেক্ষায় আছে তারা। কারণ হাতে পাওয়ার পর ফিফার আপিল কমিটিতে আবেদন করবে এএফএ। প্রয়োজন হলে আন্তর্জাতিক ক্রীড়া সালিসি আদালতেও (সিএএস) যাওয়ার কথা জানিয়েছে তারা। এএফএর আইনজীবী আন্দ্রেস ‘প্যাটন’ উরিচ এর আগে বলেছিলেন, পারেদেস, মলিনা ও আয়ালার শাস্তি তাঁদের করা অপরাধের তুলনায় বেশি। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েল্লিনিকে কামড়ে দেওয়া উরুগুয়ের লুইস সুয়ারেজের নয় ম্যাচের নিষেধাজ্ঞার উদাহরণ টেনে তিনি বলেছিলেন, পারেদেসের শাস্তি তার চেয়েও বেশি। তবে আলমাদার এক ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আপিল করা যাবে না বলেও জানান তিনি।

ফিফার সর্বশেষ সিদ্ধান্তে তাই আপাতত আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরেছে। নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাছাইপর্বের বাইরেও সেগুলো কাটানোর সুযোগ পাওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পারেদেস ও মলিনাদের অনুপস্থিতির শঙ্কা কিছুটা কমেছে।