নওগাঁর রাণীনগর থানা প্রাঙ্গণে গত এক মাস ধরে লালন-পালন করা পাঁচটি গরু ও একটি বাছুর অবশেষে নিলামে তোলা হবে। আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় থানা চত্বরে এ নিলাম অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত জুলাই মাসে রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর এলাকায় কয়েকটি গরু ডাকাতির ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে ১৪ জুলাই নাটোরের নলডাঙ্গা এলাকা থেকে আসলাম নামে এক গরু চোরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোরে সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার একটি বাড়ি থেকে পাঁচটি গরু উদ্ধার করে পুলিশ।

উদ্ধারের পর গরুগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আদালতের নির্দেশে সেগুলো রাণীনগর থানা হেফাজতে রাখা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডলের তত্ত্বাবধানে গত এক মাস ধরে একজন খামারির মাধ্যমে গরুগুলোর পরিচর্যা করা হয়। পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় একটি গাভী বাছুর জন্ম দেয়, যা এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে।

দীর্ঘদিনেও গরুগুলোর মালিক না মেলায় আদালতের নির্দেশে সেগুলো বিক্রির জন্য নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৭ আগস্ট নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-০১-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় কমিটির সদস্য সচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, বর্তমানে বাছুরসহ প্রতিটি গরু সম্পূর্ণ সুস্থ ও সবল রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় থানা চত্বরে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী যে কেউ এ নিলামে অংশ নিতে পারবেন।