কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে টানা ৪০ বছর ধরে মসজিদের আজান দিয়ে আসা মুয়াজ্জিন মো. শুক্কুর আলী বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। গত শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা তাঁকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন।
গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে তাঁকে নগদ অর্থ ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। দীর্ঘ চার দশক ধরে নিষ্ঠার সঙ্গে আজান ও ইমামতির দায়িত্ব পালন করার স্বীকৃতি হিসেবে এলাকাবাসী এই বিশেষ আয়োজন করেন।
রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকার বাসিন্দা শুক্কুর আলী প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিতেন। এছাড়াও ইমামের অনুপস্থিতিতে তিনি নিয়মিত ইমামতিও করতেন। সম্প্রতি বার্ধক্যের কারণে নিজের অবসরের ইচ্ছা প্রকাশ করলে মসজিদ কমিটি ও স্থানীয়রা তাঁকে সম্মানের সাথে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন।
মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বিদায় অনুষ্ঠানে তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে তরুণ ও প্রবীণ মুসল্লিরা সম্মান ও শ্রদ্ধার সঙ্গে তাঁকে নিজ বাসভবনে পৌঁছে দেন।