পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজকালে লিফট থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে প্রকল্পের অভ্যন্তরীণ নির্মাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম উজ্জ্বল খন্দকার (৪০)। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে।
সূত্র জানায়, প্রকল্পের ‘নিকিমথ’ ঠিকাদারি প্রতিষ্ঠানের ‘এমটিইউ-২’ বিভাগে যুক্ত ছিলেন উজ্জ্বল। কাজের সময় ‘ওওইউকেএস’ ভবনের ম্যান লিফটে থাকাকালীন আনুমানিক ২০ ফুট উচ্চতা থেকে তিনি নিচে পড়ে যান। এতে তার হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত লাগে, ফলে মাংসপেশি ছিঁড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি পরবর্তীতে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।