কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ ইস্ট) তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এই হামলায় এক মা ও তার সাত বছরের ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে এই গুলিবর্ষণ চালানো হয়।
আহতরা হলেন বালুখালী আশ্রয়শিবিরের ক্যাম্প-৮ ইস্টের বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তাঁর ছেলে মোহাম্মদ ইউসুফ (৭)। বর্তমানে দুজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-র সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এআরএ ও আরসার সদস্যরা যৌথভাবে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।
আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারে সেখানে অভিযান চালানো হচ্ছে।