কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১১ অক্টোবর) ভোররাতে উখিয়ার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ক্যাম্পের সি-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২১) ও তার ভাই রবিউল আলম।
এপিবিএনের ভাষ্য অনুযায়ী, ফয়সাল আরসার জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করেন এবং রবিউল সংগঠনটির সহযোগী হিসেবে সক্রিয়।
উখিয়ায় দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্পের সি-৫ ব্লকে আরসার সদস্য হিসেবে চিহ্নিত ফয়সালের বসতঘরে অস্ত্র মজুতের খবর পেয়ে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যরা সন্দেহভাজন বসতঘরটি ঘিরে ফেললে দুই থেকে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের মধ্যে দুজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বসতঘরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।