বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীরের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ চালুর অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে তার নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য ও ভিডিও প্রচার করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন রুহুল কবির রিজভী। এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মশিউর রহমান ধানমন্ডি থানায় ওই জিডি করেন।

জিডিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রুহুল কবির রিজভী আহমেদ নিজে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। তাই তার নামে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিও কিংবা রাজনৈতিক বক্তব্যকে তার ব্যক্তিগত বা অনুমোদিত বক্তব্য হিসেবে গণ্য করা যাবে না।

অভিযোগে বলা হয়, সম্প্রতি রিজভীরের নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবী ব্যবহার করে কয়েকটি ফেসবুক আইডি ও পেজ চালানো হচ্ছে। এর মধ্যে একটি অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন বা ব্লু মার্ক থাকায় সাধারণ মানুষের মধ্যে এটি প্রকৃত অ্যাকাউন্ট বলে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব ভুয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং ভবিষ্যতে আরও গুরুতর অপপ্রচার, প্রতারণা বা মানহানিকর বক্তব্য প্রচার হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

জিডিতে আরও জানানো হয়েছে, রিজভীরের পরিচয় ব্যবহার করে এমন প্রচারণা তার ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তির ক্ষতি করতে পারে। এর আগেও পল্টন থানায় এই বিষয়ে একাধিকবার জিডি করা হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল।

পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে যেন ভুয়া আইডি ও পেজগুলো তদন্তের আওতায় আনা হয় এবং সংশ্লিষ্ট ইউআরএল, প্রোফাইল আইডি ও ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হয়। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করতে এবং প্রয়োজনে মেটার সঙ্গে যোগাযোগ করে ভুয়া অ্যাকাউন্টগুলো অপসারণের আবেদন জানানো হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে জিডির আবেদনকারীতে।