দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে শেখ হাসিনার ‘কিছু লাশের দরকার’ বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনকে উসকে দেওয়ার ছলে সহিংসতা এবং প্রাণহানির পথ বেছে নিয়েছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত।
রুহুল কবির রিজভী তাঁর বক্তব্যে অভিযোগ করেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শক্তিগুলো পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত। তিনি দাবি করেন, পাচার করা অর্থ ব্যবহার করে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। এছাড়া বিএনপি এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটছে বলেও তিনি অভিযোগ জানান।
রিজভী আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কিছু বক্তব্য উদ্ধৃত হয়েছে। গ্রেপ্তার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনেও এ সংক্রান্ত বার্তা পাওয়া গেছে বলে তিনি দাবি করেন। বিএনপির এই নেতার অভিযোগ, প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনও শেখ হাসিনার অনুসারীরা সক্রিয় রয়েছেন।
তবে তিনি আশ্বস্ত করে বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন কিংবা ক্রসফায়ারের পথে হাঁটছে না। বরং দেশের স্থিতিশীলতা, আইনের শাসন এবং একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান প্রশাসন।
স্মরণসভায় তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণা করে রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদি রাজনীতিবিদ’। তিনি উল্লেখ করেন, জীবনের শুরু থেকে ধাপে ধাপে তরিকুল ইসলাম জাতীয় পর্যায়ের রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। রাজনীতির বাইরে অন্য কোনো পেশা কিংবা পটভূমি নিয়ে তিনি কখনো ভাবেননি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্যসচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগর এবং ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।