পলাতক শেখ হাসিনার দণ্ড হয়ে গেছে, তিনি যদি কোনোভাবে দেশে ফিরে আসেন তবে সেই দণ্ড কার্যকর করা হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

দেশ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগের পতন হলেও থেমে নেই তাদের ফ্যাসিবাদী শক্তি। তারা গোপনে নাশকতা করছে, আগুন লাগাচ্ছে, বোমাবাজি করছে। পতিত এই ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে।”

তিনি আরও অভিযোগ করেন যে, এই ফ্যাসিস্ট শক্তিগুলো তাদের মালিকানাধীন পোশাক শিল্প বা গার্মেন্টস খাতের ভেতরেও অরাজকতা সৃষ্টি করছে। রিজভী বলেন, “ফ্যাসিস্টরা তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পেও অরাজকতা করছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু এটা সম্ভব হবে না।”