দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের সাধারণ মানুষ এবং সশস্ত্র বাহিনীর অবস্থান এখন একাকার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেছেন।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আয়োজিত একটি র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, “৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।”
দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন তিনি। রিজভী উল্লেখ করেন যে, বর্তমানে তারেক রহমান সেই একই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রিজভী বলেন, “জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।”
নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, “পরাজিত শক্তি- যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে- তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে।” তিনি আরও জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
র্যালির কর্মসূচি ও পথনির্দেশনা সম্পর্কে রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি বিজয়নগর হয়ে বাঁ দিকে পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
এছাড়া এই কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বর্তমান কমিটির সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।