রাজধানীর উত্তরা এলাকায় সড়ক পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেছে বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উত্তরা ১৪ নম্বর সেক্টরের জহুরা মার্কেট থেকে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত এই পরিচ্ছন্নতা অভিযান চলে।
ঢাকা মহানগর উত্তরের আয়োজনে সপ্তাহব্যাপী এই পরিচ্ছন্নতা ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। উত্তরাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। কর্মসূচির চতুর্থ দিনে বর্তমান অভিযানটি পরিচালিত হয়। উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ কাজটি সম্পন্ন হয়।
অভিযানকালে সালাউদ্দিন ভূঁইয়া বলেন, "সবাই পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করুন। অপরিচ্ছন্ন রাস্তা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা মাসের পর মাস পড়ে থাকলেও সিটি করপোরেশন প্রশাসন তা চোখে দেখে না। তাই আমাদের শহর আমাদেরকেই পরিচ্ছন্ন করতে হবে।"
তিনি আরও বলেন, "প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে শহর পরিচ্ছন্ন করা সম্ভব। এজন্য প্রয়োজন সবার সচেতনতা ও সহযোগিতা। আমার শহর, আমার পরিবেশ—আমাদেরকেই রক্ষা করতে হবে। আমরা নাগরিক, মানবিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেই পরিচ্ছন্নতায় মাঠে নেমেছি।"
জামায়েতে ইসলামী উত্তরা পশ্চিম থানার নায়েবে আমীর মকবুল হোসেন, সেক্রেটারি ফিরোজ আলম, জামায়াত নেতা মাওলানা আব্দুস সামাদ আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা এই অভিযানে অংশ নেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৫১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান থাকবে।