সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের পলাশ বাজার এলাকায় অভিযান চালিয়ে ডিবি দল এই পণ্য উদ্ধার করে। জব্দকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের সদস্যরা। তল্লাশির সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে ১১০টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ফুচকা পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৩৫ কেজি করে মোট ৩ হাজার ৮৫০ কেজি ফুচকা রাখা ছিল। চোরাচালানে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮’ নম্বরের যানটিও জব্দ করা হয়। ফুচকা ও যানবাহনসহ জব্দকৃত সামগ্রীর সর্বমোট মূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে অনুমান করা হচ্ছে।

আটককৃতরা হলেন ফরিদপুর সদর উপজেলার বেতুয়া বাড়ী সড়কের পশ্চিম গোয়ালচামাট এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফকির (৩৪)।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।